
ফরিদপুরে র্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের কোতয়ালী ও মধুখালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ জুন) রাতে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাবের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকার মোস্তফা কামাল (২৭) ও রাশেদুল ইসলাম (২৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।অপরদিকে মঙ্গলবার (১০ জুন) ভোরে মধুখালী উপজেলার বেল্লাকান্দি এলাকায় আরেকটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব। সেখানে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। এ সময় মনির হোসেন ওরফে রুবেল (২৬) এবং আমির হোসেন (২৪) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়িও খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকায়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাগুরা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন