

তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় একক প্রার্থী নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রার্থীর যোগ্যতা নির্ধারণে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও স্বচ্ছ ভাবমূর্তিকে প্রধান বিবেচ্য হিসেবে রাখার নির্দেশ দেন।
এছাড়া দল-সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করার ওপরও বিশেষ গুরুত্ব দেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এই সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলার পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, অভ্যন্তরীণ মতপার্থক্য দূর করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের ধারাবাহিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য করুন