নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিব (২৬)কে হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (৯ জুলাই) র্যাব-১০-এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা নয়ানগর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ইমন হোসেন রাকিবের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি সাইদুল ইসলাম সোহাগ (৩২) ও মো. সজল (৩৫)সহ কয়েকজন মিলে তাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ভিকটিম গুরুতর আহত হন।
ঘটনার পর ভিকটিম ইমন হোসেন রাকিব বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা চেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৮ জুলাই) রাতে পৃথক অভিযানে কদমতলীর মাতুয়াইল মেডিকেল এলাকা থেকে মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম সোহাগকে এবং শনির আখড়া এলাকা থেকে অপর প্রধান আসামি মো. সজলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
চেয়ারম্যান এস এম হৃদয় ইসলাম অফিস:৩০৮ জুরাইন টাওয়ার (৩য় তলা)শ্যামপুর ঢাকা ১২০৪। অফিস নাম্বার +৮৮ ০৯৬৫৮৩৯৪৩৮৭ মোবা: ০১৭১৮-৪৬১২৪৭
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।