দুমকিতে র্যাবের অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ২জন আটক
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় র্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে আটক করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্য ছিল, একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ গাঁজা পটুয়াখালীতে আনা হচ্ছে।
ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাকুরা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুমকি উপজেলা সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের অপর সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে আটক করা হয়। তিনি ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।
অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজা ও আটক দুই ব্যক্তিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চেয়ারম্যান এস এম হৃদয় ইসলাম অফিস:৩০৮ জুরাইন টাওয়ার (৩য় তলা)শ্যামপুর ঢাকা ১২০৪। অফিস নাম্বার +৮৮ ০৯৬৫৮৩৯৪৩৮৭ মোবা: ০১৭১৮-৪৬১২৪৭
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।